শ্রীবরদীতে ধান ক্ষেত থেকে অটো চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

১ অক্টোবর ২০২৪, ৪:৫৫
স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী উপজেলাতে শহিদ (১৮) নামে এক অটো চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রীজের পাশে ধান ক্ষেত থেকে ওই অটো চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদ নালিতাবাড়ী উপজেলার নন্নী নয়াপাড়া গ্রামের সাইকেল মিস্ত্রী অলি মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গিলাগাছা-কুচনিপাড়া সড়কে ব্রীজের পাশে আব্দুল হাকিমের ধান ক্ষেতে একটি গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতেই নিহতের লাশ সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এবিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ সাংবাদিকদের বলেন, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া বাড়ি থেকে অটো রিকশা নিয়ে বের হয়। পরে বাড়ি ফিরে না যাওয়ায় তার পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় নিখোঁজ শহিদের গলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে তার অটো রিকশাটি ছিনতাই করা হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের করা হয়েছে।