শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় অত্যন্ত স্বচ্ছতার সাথে পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভুইয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
