ভারতীয় নাগরিকদের পুশইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র্যালি
সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী সংবাদদাতা : ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ১১-দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ জুন বিকেলে নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কর্মসূচির সমাপ্তি ঘটে।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহদাত হোসেন বিএসসি, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, শেরপুর জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ডা. হাসানুজ্জামান, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি তাজুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।
বক্তারা বলেন, সীমান্তে ভারতীয় বাহিনী যেভাবে জোরপূর্বক বাংলাদেশি নাগরিকদের ধরে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ এবং সীমান্তে সংযত আচরণ নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানানোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। কোনো অবস্থাতেই দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। তারা সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশ ও র্যালিতে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
