নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
আব্দুল্লাহ্ আল-আমীন নকলা সংবাদদাতা: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহ্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও জেলে, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা মৎস্যচাষিদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
