শ্রীবরদীতে শিশুকে বলাৎকার ঘটনায় গ্রেফতার-১
তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্ রানা শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে বইশা বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ (ছয়) বছরের এক শিশু পুত্রকে বলৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৫ ই আগস্ট শনিবার দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা কিশোর আরমান আকন্দ (১৬) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আরমান আকন্দ (১৬) শ্রীবরদী উপজেলার শেখদী আকন্দ বাড়ি গ্রামের সোলায়মান আকন্দের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা শ্রীবরদী থানায় শনিবার গভীর রাতে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ১৫ ই আগস্ট শনিবার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে স্থানীয় বইশা বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্যাতিত শিশুটিকে ফুসলিয়ে মাটিয়াকুড়া গ্রামের নুরুল ইসলামের বসতবাড়ির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে আরমান আকন্দ।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই সুলতান আহমেদ বলেন, শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, তাকে মেডিকেল পরীক্ষা করে। বিজ্ঞ আদালতের নিকট জবানবন্দী রেকর্ডের জন্য নিয়ে যাওয়া হবে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে কিশোর আরমানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে।
ভিকটিমের বাবার অভিযোগে থানায় মামলা রজু করা হয়েছে। ধৃতকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
