শেরপুরে আইনুল হক হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ গ্রেপ্তার
মো: রিয়াজ ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর সদর থানার আইনুল হক (৫০) হত্যা মামলার অন্যতম আসামি মো. মুরাদ মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১টা ৫ মিনিটের দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহানীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাদী ও গ্রেপ্তারকৃত মুরাদ মিয়া পরস্পর প্রতিবেশী এবং একই বংশের লোক। গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে বাদীর বসতবাড়ির পেছনে মান্দা গাছে নেটজাল বাঁধাকে কেন্দ্র করে মুরাদসহ কয়েকজন আইনুল হকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা আইনুল হককে মারধর ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ১৭ আগস্ট দায়ের করা হয়, যার নম্বর ৪২। মামলায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুরাদ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
