শেরপুরে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-সত্যবয়ান

২৩ আগস্ট ২০২১, ৪:০১

বুলবুল আহম্মেদ||শেরপুরের সন্নাসীর চর এলাকা থেকে একাধিক মাদক মামলার চিহ্নিত আসামী মাদক বিক্রেতা আব্দুল বাতেনকে ৫টি গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে সন্নাসীর চরে মাদক ব্যবসায়ী আ. বাতেন এর পেঁপের বাগান থেকে ওই ৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার মৃত আব্দুল কুদ্দুস মাষ্টারের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল বাতেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে মাদক দ্রব্যসহ তিনি হাতেনাতে গ্রেফতারও হয়েছে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি ওসি রেজাউল হক এর নির্দেশে ডিবির উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আজিজুল হাসান,এসআই জুয়েল রানা, সহকারী উপ-পরিদর্শক এএসআই কাইয়ুম, এএসআই সুমন, এএসআই সাইফুল, এএসআই মন্জুরুলসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ সন্নাসীর চর আব্দুক বাতেন এর পেঁপের বাগানে অভিযান পরিচালনা করেন। পরে সে পেঁপের বাগানে থাকা ৫ টি গাঁজার গাছসহ আব্দুল বাতেনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

এব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোঃ রেজাউল হক মাদক ব্যবসায়ী আব্দুল বাতেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামীর নামে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে আব্দুল বাতেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদক জুয়া, চোরাচালানসহ অপরাধ সংশ্লিষ্ট সকল কাজে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযান চলমান রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে।