অসহায় মেয়েদের স্বপ্ন পূরণের ঠিকানা হাবিবে জান্নাত এতিমখানা
আব্দুল্লাহ আল আমীন নকলা: বাবা-মায়ের ছায়াহীন ও অসহায় মেয়েদের নিরাপদ আশ্রয়, ইসলামি শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কাজ করছে শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদি গ্রামে অবস্থিত হাবিবে জান্নাত মহিলা এতিমখানা। শুধু আশ্রয় নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্প্রতি মাদরাসাটি পরিদর্শন করে শিক্ষার্থীদের পড়াশোনা, আবাসন, খাবার ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামান জানান, নিরাপদ ও নিরিবিলি পরিবেশে এতিম ও অসহায় মেয়েদের নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব শাখায় মিশকাত জামাত পর্যন্ত শিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে এখানে ৪৫ জন এতিম, ৫৩ জন দুস্থসহ প্রায় ৩০০ ছাত্রী পড়াশোনা করছে।
এদিকে সাম্প্রতিক কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রতিষ্ঠানটির টিনের চাল ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে নির্মাণ ও সংস্কারকাজ চলছে। কাজ সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আরও বাড়াতে সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, একটি শিশুকে শুধু আশ্রয় দেওয়া নয়, তার স্বপ্নকে বাঁচিয়ে রাখাও বড় মানবিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে হাবিবে জান্নাত মহিলা এতিমখানা অনন্য ভূমিকা রাখছে। একটি নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও মানসম্মত শিক্ষা বদলে দিতে পারে অসহায় মেয়েদের জীবন। সরকারি-বেসরকারি সহযোগিতা ও সমাজের মানুষের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
