নকলায় শুব্বানে আহলে হাদীসের ফুটবল উৎসব, শিরোপা জিতল নারায়ণখোলা
নকলা সংবাদদাতা : শেরপুরের নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নারায়ণখোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারায়ণখোলা সাংগঠনিক উপজেলা শুব্বান দল ১-০ গোলে দধিয়ারচর সাংগঠনিক উপজেলা শুব্বান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মো. ছফিউল্লাহ রতন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস শেরপুর জেলা শাখার সভাপতি শায়েখ মোহাম্মদ মাজহারুল আলম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও শেকড় সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের (শেসাস) কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হাফেজ মো. আশিক বিন আশরাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমের সদস্য ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার জাহান।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখাই এ আয়োজনের অন্যতম প্রত্যাশা।
